মোঃ বেলাল হোসেন-বাকেরগঞ্জ(বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জে নির্মাণ কাজে গাফেলতি ও অনিয়মের অভিযোগে শ্রমিক লীগ নেতা সুজন হাওলাদারকে (৪০) গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (৩০ মার্চ) তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের লতিফ হাওলাদারের ছেলে সুজন হাওলাদার দীর্ঘদিন ধরে বিভিন্ন নির্মাণ কাজের সাথে যুক্ত ছিলেন। সম্প্রতি একটি নির্মাণ প্রকল্পে তার বিরুদ্ধে কাজে চরম গাফেলতি এবং অর্থ আত্মসাতের মাধ্যমে অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগের সত্যতা যাচাইয়ের পর পুলিশ তাকে হেফাজতে নেয়।
গ্রেফতারকৃত সুজন হাওলাদার উপজেলা শ্রমিক লীগের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বাকেরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, সুজন হাওলাদারের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্মাণ কাজে স্বচ্ছতা ফেরাতে এবং অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
উক্ত এলাকায় উন্নয়ন কাজে এই ধরনের অনিয়ম রোধে প্রশাসনের কঠোর অবস্থানের প্রশংসা করেছেন স্থানীয় সাধারণ মানুষ।
