ঢাকাFriday , 3 April 2026
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. খেলাধুলা
  3. বিনোদন
  4. রাজনীতি
  5. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষা সম্পন্ন

Jonotarkhobor
April 3, 2026 10:26 pm
Link Copied!

সামিয়া সুলতানা সাবনম-নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে জিএসটি (সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি) গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা।

শুক্রবার (০৩ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রে ৭,০০৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৬,১০৭ জন অংশ নেয় এবং ৯০০ জন অনুপস্থিত থাকে। উপস্থিতির হার ছিল ৮৭.১৬ শতাংশ।

পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। এ সময় ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে উপাচার্য সাংবাদিকদের জানান, পাঁচটি কন্ট্রোল রুমের মাধ্যমে সামাজিক বিজ্ঞান, বাণিজ্য ও নতুন কলা ভবনের ১০৬টি কক্ষে পরীক্ষা নেওয়া হয়েছে। তিনি বলেন, পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং প্রশ্নের মান ভালো ছিল। শিক্ষার্থীরাও স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পেরেছে।

তিনি আরও বলেন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, বিভিন্ন সংগঠন, স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমের সহযোগিতায় সফলভাবে পরীক্ষা আয়োজন করা সম্ভব হয়েছে। আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিতব্য ‘এ’ ইউনিটের পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষার জন্যও তিনি সবার সহযোগিতা কামনা করেন।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। যানজট নিয়ন্ত্রণ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়। এছাড়াও, ময়মনসিংহ ও ভালুকা থেকে পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস সুবিধা চালু ছিল।

পরীক্ষার্থীদের সহায়তা করতে বিভিন্ন জেলা সমিতি এবং ছাত্র সংগঠনগুলো ‘হেল্প ডেস্ক’ গঠন করে। তারা পরীক্ষার্থীদের প্রয়োজনীয় জিনিসপত্র সুরক্ষিত রাখেন এবং দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য কলম এবং পানির ব্যবস্থা রাখেন।

জানা গেছে, ভর্তি পরীক্ষার ফলাফল গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পছন্দ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবে। এ বছর ২৫টি বিভাগে মোট ১,১৭৫টি আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।

উল্লেখ্য, আগামী ১০ এপ্রিল ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। একইদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার ব্যবহারিক (ড্রইং) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটে ১০,৩৫৩ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে।

ভর্তি পরীক্ষা উপলক্ষে সারাদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছিল প্রাণবন্ত। পরীক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো পরিবেশ ছিল উৎসবমুখর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।