সামিয়া সুলতানা সাবনম-নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
আগামী ১০ই এপ্রিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) অনুষ্ঠিত হতে যাওয়া গুচ্ছ ‘এ’ ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে এ স্মারকলিপি জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আসন্ন ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন বাসস্ট্যান্ড থেকে পরীক্ষাকেন্দ্র পর্যন্ত যাতায়াতকারী যানবাহনগুলো পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। এতে সাধারণ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এতে আরও বলা হয়, বাসস্ট্যান্ড থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পর্যন্ত স্বাভাবিক ভাড়ার তুলনায় দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক ও অনৈতিক। এমন পরিস্থিতিতে পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা এবং জনদুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।
স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষে স্বাক্ষর করেন আব্দুর রহিম এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
