স্পোর্টস ডেস্কঃ-দীর্ঘ দেড় বছরের অপেক্ষা, ভয়াবহ চোট, অস্ত্রোপচার আর ফিটনেস ফিরে পাওয়ার কঠিন লড়াই শেষে আবারও ব্রাজিলের বিশ্বকাপ দলে ফিরেছেন নেইমার জুনিয়র। বুধবার (২০ মে) ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ঘোষিত ২৬ সদস্যের চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। আর তার ফেরাকেই সবচেয়ে বড় খবর হিসেবে দেখছে ফুটবল বিশ্ব।
২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে হাঁটুতে গুরুতর চোট পাওয়ার পর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। অস্ত্রোপচার ও পুনর্বাসন প্রক্রিয়ার কারণে জাতীয় দল থেকেও ছিটকে পড়েন তিনি। তবে সব বাধা পেরিয়ে ২০১৪, ২০১৮ ও ২০২২-এর পর এবার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান তারকা। ব্রাজিলের জার্সিতে এখন পর্যন্ত ১২৮ ম্যাচে তার গোল ৭৯টি।
নেইমারের প্রত্যাবর্তন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মজার পোস্ট করেছে ফিফা। ব্রাজিলিয়ান পোস্টার বয়ের একটি ছবি পোস্ট করে তার ওপরে ফিফা বাংলায় লিখেছে, ‘কী প্রতিপক্ষ, রাগ করলা?’ ক্যাপশনে যোগ করা হয়েছে, ‘ফুটবল রাজপুত্রের প্রত্যাবর্তন।’ সঙ্গে ছিল ব্রাজিলের পতাকা ও ভালোবাসার ইমোজি।
মূলত ‘রাগ করলা’ সংলাপটি বর্তমানে ফেসবুকে বেশ ভাইরাল। বাংলাদেশের এক কনটেন্ট ক্রিয়েটরের বলা এই সংলাপ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডে পরিণত হয়েছে। সেই জনপ্রিয় সংলাপকেই এবার ব্যবহার করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
