মোঃ বেলাল হোসেন -বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অত্যন্ত সুশৃঙ্খল, কঠোর নিরাপত্তা এবং সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা চলমান রয়েছে। আজ সকালে উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে প্রশাসনের ব্যাপক তৎপরতা এবং শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেখা গেছে।
বাকেরগঞ্জ উপজেলায় এ বছর মোট ১৪টি কেন্দ্রে ৬,০২০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
১০টি স্কুল কেন্দ্রে মোট ৪,৪৫৫ জন পরীক্ষার্থী।
দাখিল পরীক্ষা,৪টি মাদ্রাসা কেন্দ্রে মোট ১,৫৬৫ জন পরীক্ষার্থী।
উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষা আয়োজনে ‘শূন্য সহনশীলতা’ (জিরো টলারেন্স) নীতি গ্রহণ করা হয়েছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রের চারপাশের ২০০ গজের মধ্যে সাধারণ মানুষের প্রবেশাধিকার নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কেন্দ্রের প্রবেশপথে পরীক্ষার্থীদের নিবিড়ভাবে তল্লাশি করে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। ডিজিটাল জালিয়াতি রোধে কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি টিম কাজ করছে। কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বা মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার নিয়মিত বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন। যেকোনো অনিয়ম রোধে সার্বক্ষণিক মাঠে রয়েছে ভ্রাম্যমাণ আদালত।
কেন্দ্রের বাইরে অভিভাবকদের জটলা না করার জন্য প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা হচ্ছে, যাতে পরীক্ষার্থীদের মনোসংযোগ বিঘ্নিত না হয়।
কেন্দ্র সচিবদের সাথে আলাপকালে জানা যায়, এ বছর পরীক্ষার্থীদের উপস্থিতির হার সন্তোষজনক এবং এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রশাসনের এমন কঠোর অবস্থানে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থী ও সচেতন অভিভাবক মহল।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মেধা যাচাইয়ের এই মহোৎসবে স্বচ্ছতা বজায় রাখতে পরীক্ষার শেষ দিন পর্যন্ত এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
