ঢাকাFriday , 22 May 2026
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আজমিরীগঞ্জ
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. চুনারুঘাট
  9. জনপ্রিয় সংবাদ
  10. নবীগঞ্জ
  11. প্রযুক্তি
  12. ফিচার
  13. বানিয়াচং
  14. বিজ্ঞাপন
  15. বিনোদন

সিলেটে হাওরে পানিতে ডুবে প্রাণ গেল ভাইবোনের

Jonotarkhobor
May 22, 2026 6:06 pm
Link Copied!

জৈন্তাপুর সংবাদদাতাঃ  সিলেটের জৈন্তাপুর উপজেলা ফতেহপুর ইউনিয়নের শিকারখা গ্রামে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। চাচার সঙ্গে গরু চরাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দুই শিশু। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।

নিহতরা হলো— উপজেলার শিকারখা গ্রামের কবির আহমেদের মেয়ে রাফা আক্তার মাঈশা (৫) এবং তার বড় ভাই সালেহ আহমেদের ছেলে মেহেদী হাসান মুন্না (৫ বছর)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২২ মে) বেলা ২টার দিকে শিশু দুটির চাচা জাকারিয়া হাওরে গরু চরাতে যাওয়ার সময় তার পিছু নিয়ে মুন্না ও মাঈশাও সঙ্গে যায়। পরে তিনি তাদের বাড়িতে রেখে যান। তবে পরিবারের অজান্তে কখন আবার বাড়ির পাশ্ববর্তী ‘রাহুরখাল’ নামে পরিচিত খালের পাশে যায়, তা কেউ বুঝতে পারেনি।

এ বিষয়ে শিশু দুটির চাচা জাকারিয়া জানান, “দুপুরে গরু চরাতে যাওয়ার সময় আমার ভাতিজা-ভাতিজি আমার সঙ্গে যায়। পরে তাদের বাড়িতে রেখে আসি। হঠাৎ মানুষের চিৎকার শুনে খালের পাশে গিয়ে দেখি স্থানীয়দের সহায়তায় রাহুরখাল থেকে তাদের উদ্ধার করা হচ্ছে। পরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তারা কিভাবে আবার খালের কাছে গেল, আমরা কেউই জানি না।”

ফতেহপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “শিশু দুটি আমার দুই ভাতিজার ঘরের সন্তান। অকালেই ঝরে গেল তাদের দুটি প্রাণ। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানা অফিসার ইনচার্জ মাহবুবর রহমান মোল্লা জানান, “ঘটনাস্থলে আমি উপস্থিত রয়েছি। নিহত দুই শিশুর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। প্রাথমিকভাবে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে এবং দাফন সম্পন্ন হবে।”

একসঙ্গে দুই শিশুর এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।