সামিয়া সুলতানা সাবনম-নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি।
শনিবার (৪ এপ্রিল) দুপুর ২ ঘটিকায় তাঁরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখেন। এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম অতিথিদের স্বাগত জানান এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। পরে উপাচার্যের অফিস কক্ষ সংলগ্ন কনফারেন্স কক্ষে তাঁদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা, একাডেমিক কার্যক্রম এবং অবকাঠামোগত অগ্রগতি প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়। বিশ্ববিদ্যালয় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতা কামনা করলে প্রতিমন্ত্রীদ্বয় প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, “স্বল্প সময়ের জন্য হলেও দুই প্রতিমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ে আনতে পেরেছি। ভবিষ্যতে আরও বড় পরিসরে তাঁদের উপস্থিতি নিশ্চিত করার চেষ্টা থাকবে।”
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি ত্রিশাল ও ময়মনসিংহের প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।
